ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মামলা খারিজের শর্ত ৫০টি গাছ রোপণ বৃক্ষ রোপণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন ভারতের উত্তরাখণ্ডের এক তরুণী। তবে অভিযুক্ত ওই যুবক পরে ক্ষমা চাইলে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বাদী। পরে অভিযুক্ত যুবকও আদালতে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু আদালত সরাসরি মামলা খারিজ করবে না বলে জানায়। উত্তরাখণ্ড হাইকোর্টের একটি বেঞ্চ জানায়, ৫০টি গাছ রোপণ করলে তবেই মামলা বাতিলের আবেদনে সাড়া দেওয়া হবে।


কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি শরদকুমার শর্মার বেঞ্চ গত রবিবার মামলা খারিজের শর্ত হিসেবে গাছ লাগানোর কথা বলে ওই আসামিকে। বিচারপতি শরদকুমার শর্মা বলেন, মামলা থেকে নিষ্কৃতি পেতে আসামিকে ৫০টি গাছ রোপণ করতে হবে। গাছ রোপণের সঠিক নথি আদালতে জমা দেওয়ার পরই তার মামলা বাতিল করা হবে ।


আনন্দবাজার বলছে, অভিযুক্ত এবং নির্যাতিতা আগে থেকেই একে অপরকে চিনতেন। সেই সূত্রেই ফেসবুকে বন্ধুত্ব হয় তাদের। ফেসবুকে বন্ধুত্ব পাতানোর পর অভিযোগকারী তরুণীকে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠাতে শুরু করেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই তরুণীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ম্যাজিস্ট্রেট আদালত তরফে অভিযুক্তের নামে সমনও জারি করা হয়। এর পরেই অভিযুক্ত তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়ে তিনি জানান, ওই তরুণীর কাছে ক্ষমা চাওয়ার পর তরুণী তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। মামলাটি বাতিল করে দেওয়ার আর্জিও জানান তিনি।


পরে আদালত তার পর্যবেক্ষণে বলে, তরুণীর পরিবারের তরফে অভিযোগ প্রত্যাহার করার কারণে ওই ব্যক্তির মামলা বাতিল করা যেতে পারে। তবে অভিযুক্তকে সঠিক শিক্ষা দিতে এবং ভবিষ্যতে তিনি যাতে এই ধরনের অপরাধ না করেন, তা নিশ্চিত করার জন্য তাকে ৫০টি গাছ রোপণ করতেই হবে। গাছ রোপণ করলে তবেই মামলা বাতিল হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑